বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফের বাহারছড়ায় কিশোরী সুমাইয়া হত্যা মামলায় ‘কালাবাশি’ গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়ার আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার হত্যা মামলায় জুবাইয়ের ওরফে কালাবাশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ জানুয়ারি দিবাগত রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি অভিযানিক দল এপিবিএন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালাবাশি হ্নীলা ব্লক-এস মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কালাবাশি বাহারছড়া ও হ্নীলা পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও ডাকাত দলের সদস্য। ঘটনার দিন তিনি ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলের পূর্ব পাশের পাহাড় থেকে গুলি ছুড়ে কিশোরী সুমাইয়া আক্তারকে হত্যা করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে সুমাইয়া আক্তার (১২) নিহত হয়।

ক্যাটাগরি