মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ২০ জেলেসহ মাছ ধরার বোট উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে নিয়মিত টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট বিপদে পড়ার সংবাদ পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাহাজটি উদ্ধার অভিযানে অংশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরবর্তীতে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার বোটটি থেকে ২০ জন মাঝিমাল্লাসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, তারা গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে উক্ত বোট নিয়ে সমুদ্রে যাত্রা করেন। কিন্তু গত ২৮ জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী একটি অপর বোটযোগে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের ওপর হামলা চালায়। দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে পালিয়ে যায়।

নৌবাহিনীর সময়োপযোগী অভিযানের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ক্যাটাগরি