মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায়- সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মানুষ এমন বিভাজন চায় না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এক সময় দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই বিলুপ্ত গণতন্ত্র বিএনপির নেতৃত্বেই বারবার পুনরুদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ রাজপথে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি