শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে হয়তো এমনও শুনতে হতে পারে যে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে নতুনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। সালাহউদ্দিন আহমদের মতে, যারা ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধীতা করেছিল—তাদের মধ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামী—আজ তারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে।

গতকাল জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন, সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি সাহেব দিয়েছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়; যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই ইতিহাস বিকৃত করবে। তবে জনগণ সব জানে এবং এ ধরনের চেষ্টা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, জামায়াত একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ভাড়া করছে, যাতে দেখানো যায় যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। এই প্রয়াস কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার কাছে গ্রহণযোগ্য নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। তিনি নিজের রাজনৈতিক দায়িত্ব হিসেবে বললেন, “যারা ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়ায় বা ইতিহাস বিকৃত করে, তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব।”

এছাড়া, তিনি গত কয়েকদিনে জামায়াতের পক্ষ থেকে নারী সমাজের অপমানজনক বক্তব্য ও কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা কমানো বা পতিতাদের সঙ্গে তুলনা করা কোনো কল্যাণমূলক প্রস্তাব নয়; এটি নারীদের কর্মসংস্থান ধ্বংস করার পরিকল্পনা মাত্র।

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

ক্যাটাগরি