নতুন জালেমদের রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: কুতুবদিয়ায় নাহিদ ইসলাম
৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।
তিনি আরও বলেন, এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং সারা বাংলাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতেই এই ঐক্য গড়ে তোলা হয়েছে।
জনসভায় জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি রক্ষার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই মেনে নেবে না।
তিনি সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান। তাহের বলেন, গণতন্ত্র ও সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন ও দেশের স্বাধীনতা রক্ষায় এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।
এ সময় নেতারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।