জীবনের দ্বিতীয় অধ্যায়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশে। আপনাদের দোয়ার কারণে রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন ও বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবা, দেশের উন্নয়ন এবং স্বাধীনতা রক্ষার জন্য উৎসর্গিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, কারণ বিএনপির সরকার জনগণের সরকার।
শেষ এই জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। আয়োজকদের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।