চকরিয়ায় জমি দখলচেষ্টা ঘিরে হামলা, নারীসহ আহত ৩; বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ুয়া তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ
চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের মানিকপুর বড়ুয়া পাড়ায় বসতভিটার জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ুয়া এক তরুণীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। হামলার সময় ওই তরুণীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যা এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তানিমা বড়ুয়া (৫০) তাঁদের বসতভিটার উত্তর সীমানা ঘেঁষে প্রতিবেশী শুকলাল বড়ুয়ার পরিবারের জমি। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাঁদের জমির অংশ জবরদখলের চেষ্টা করে আসছিল এবং এ নিয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে সৈকত বড়ুয়া (২৫), সজিব বড়ুয়া (২৭), শাওন বড়ুয়া (২০), সাগর বড়ুয়া (২২), শুকলাল বড়ুয়া (৪০) ও সাগরিকা বড়ুয়া (৩৫)সহ আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে। তারা সকলেই একই এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অভিযুক্তরা ধারালো দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বসতভিটার ভেতরে ঢুকে খুঁটি পুঁতে জায়গা দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে তানিমা বড়ুয়ার ওপর হামলা চালানো হয় এবং তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়।
মাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছেলে উদয়ন বড়ুয়ার ওপরও হামলা চালানো হয়। তাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ।
এ সময় পরিবারের বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ুয়া মেয়ে সুবলি বড়ুয়া উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁর ওপরও নৃশংস হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাঁকে মারধর, চুল ধরে টানা–হেঁচড়া এবং বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। এছাড়া তাঁর গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পরিবার দাবি করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় মামলা বা সালিশ করলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।