শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত

_নিহত শাহাদাত হোছাইন

কুতুবদিয়া উপজেলার এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন ‘এফবি আজুফা আকতার মানু’ নামের একটি ফিশিং বোট ১৯ জন মাঝিমাল্লা নিয়ে তিন দিন আগে সাগরে মাছ ধরতে যায়। বুধবার বিকেলে বোটটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের গুলিতে শাহাদাত হোছাইন খোকন নামের এক জেলে গুলিবিদ্ধ হন। পরে অন্য একটি বোটে করে তাকে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত হোছাইন উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মো. বাদশার ছেলে।

ট্রলারের মালিক জসিম উদ্দিন জানান, বিকেলে একটি ট্রলার থেকে ফোন পেয়ে তিনি ডাকাতির বিষয়টি জানতে পারেন। গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে তীরে আনার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, গত এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক জেলে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হলেও কার্যকর সমাধান মিলছে না বলে অভিযোগ করেন তিনি। সাগরে নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ক্যাটাগরি