রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় ফিশিং ট্রলার ডুবি: চারজন গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গত ৮ ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় কুতুবদিয়ার মালিকানাধীন ফিশিং বোট এফবি নুরুন নাহারকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়ার নাছির উদ্দীনের মালিকানাধীন এফবি নুরুন নাহার মাছ ধরার সময় অভিযুক্ত ফিশিং জাহাজ এমটি মেরিনটাই-১ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় বলে অভিযোগ রয়েছে। এতে বোটটি ডুবে যায়। ওই বোটে থাকা ১৭ জন মাঝিমাল্লার মধ্যে দুইজন নিহত হন এবং বাকিরা আহত অবস্থায় উদ্ধার হন।

ঘটনার পর কুতুবদিয়া থানাতে মামলা দায়ের করা হয়। থানার ওসি মাহাবুর রহমানের নির্দেশনায় এসআই প্রবাল সিনহার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশ–এর সহযোগিতায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ফিশিং জাহাজের স্কিপার, ইঞ্জিনিয়ার ও পরিচালকসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুতুবদিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস ঘটনাকে যেন কেউ দুর্ঘটনা বলে চালিয়ে দিতে না পারে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় প্রহর গুনছে।

ক্যাটাগরি