শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

সাগরে নিহত কুতুবদিয়ার দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নিহত দুই জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে নিহত জেলে আকতার আলম ও জিয়াবুল করিমের পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক হস্তান্তর করেন।

এ সময় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, বঙ্গোপসাগরে নিহত দুই জেলে পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলিং জাহাজের ধাক্কায় একটি ফিশিং বোট ডুবে যায়। এতে মর্মান্তিকভাবে প্রাণ হারান দুই জেলে আকতার আলম ও জিয়াবুল করিম।

স্থানীয়দের মতে, সাগরে ট্রলিং জাহাজ ও ছোট মাছ ধরার নৌকার সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার জেলেরা।

ক্যাটাগরি