টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক নারী আসামি তাছলিমা বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাছলিমা বেগম একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
র্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল দুপুর ২টার দিকে মনিরঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।