বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

অপেক্ষার প্রহর গুনছে শ্রোতারা : প্রিয়াংকা পালের কণ্ঠে আসছে “কোথায় আছো বন্ধুরে”

মন ছুঁয়ে যাওয়া আবেগ, অপেক্ষা আর না পাওয়ার এক গভীর অনুভূতি নিয়ে খুব শিগগিরই সংগীতপ্রেমীদের সামনে হাজির হচ্ছেন কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিয়াংকা পাল। তার কণ্ঠে নতুন মৌলিক গান “কোথায় আছো বন্ধুরে, দেখা দাও আমারে” ইতোমধ্যেই শ্রোতাদের মনে তৈরি করেছে এক অন্যরকম আলোড়ন।

গানটির কথায় ফুটে উঠেছে ভালোবাসার আকুলতা প্রিয়জনকে কাছে না পাওয়ার ব্যথা আর এক অদৃশ্য টান। সাংবাদিক গীতিকার আমিনুল হক আমীনের আবেগঘন শব্দচয়ন যেন হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে স্পর্শ করে যায়। গানটির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় গীতিকার ও সাংবাদিক এম আমান উল্লাহ। যার সৃজনশীল দিকনির্দেশনায় গানটি পেয়েছে ভিন্নমাত্রার আবেগ ও গভীরতা। আর সেই আবহকে আরও সমৃদ্ধ করেছেন সুরকার আজম চৌধুরী। যার সুরে ধরা দিয়েছে বেদনার মৃদু ঢেউ।

সংগীত সংশ্লিষ্টরা বলছেন, প্রিয়াংকা পালের কণ্ঠের মায়াবী আবেদন এই গানটিকে আরও জীবন্ত করে তুলেছে। তার কণ্ঠে যেন প্রতিটি শব্দ হয়ে উঠেছে অনুভূতির প্রতিধ্বনি, যা সহজেই ছুঁয়ে যাবে শ্রোতাদের হৃদয়।

গানটির মিউজিক কম্পোজিশন সম্পন্ন হয়েছে “স্টুডিও সুর সমুদ্রের” ব্যানারে ভারতের একটি স্বনামধন্য স্টুডিওতে। আধুনিক প্রযুক্তি ও সূক্ষ্ম সংগীতায়োজনে গানটি পেয়েছে আন্তর্জাতিক মানের স্পর্শ যা শ্রোতাদের জন্য তৈরি করবে নতুন এক শ্রুতিমধুর অভিজ্ঞতা।

পুরো প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে থাকা বাবুল দে বলেন, “আমরা চেষ্টা করেছি একটি হৃদয়ছোঁয়া কাজ উপহার দিতে। আশা করছি গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হবে।”

গানটি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। প্রিয়াংকা পালের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গানটির মুক্তির জন্য। অনেকেই মনে করছেন, এই গানটি হতে পারে তার সংগীত জীবনের অন্যতম সেরা উপহার যা দীর্ঘদিন ধরে বাজবে শ্রোতাদের হৃদয়ের ভেতর।

ক্যাটাগরি