বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি ‘লেডু’ গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা কুখ্যাত মাদক কারবারি জামাল উদ্দিন ওরফে জামাল হোসেন ওরফে ‘লেডু’কে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বুধবার (৩ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল উদ্দিন ওরফে লেডু ওই এলাকার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিন ওরফে লেডু নিজ এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে অবরুদ্ধ করে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, টেকনাফ থানায় ২০২২ সালে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত জামাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান পরিবর্তন করলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, “গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি