কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় আবুল কাশেম বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধূরুং বাজারের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বজ্রপাতের সময় আবুল কাশেম বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।