এক্সক্লুসিভ

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ মামলা: সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এ মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

তিনি বলেন, বাকি ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেছেন। মঙ্গলবার ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ অনুপস্থিত ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪১৪ একর জমিতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে ওই অর্থের মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন।

পরবর্তী সময়ে দুদকের তদন্তে ৩৬ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এখন মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছেছে। আগামী ৩০ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হতে পারে।

ক্যাটাগরি