রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনে ইসলামী ফ্রন্ট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে ইসির সতর্কবার্তা

নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি মো. গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামক একটি পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা–২০২৫-এর বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন থেকে তাকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

ক্যাটাগরি