কুতুবদিয়া

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কুতুবদিয়া ও সন্দ্বীপে নৌবাহিনী প্রধানের মাঠ পর্যায়ের পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে তিনি কুতুবদিয়া ও সন্দ্বীপে কর্মরত নৌবাহিনী সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

এ সময় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, র‍্যাব-১৫-এর অধিনায়ক, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্ট মার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে ঘিরে যে কোনো স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান, নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং অব্যাহত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও সোয়াটস টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

ক্যাটাগরি