বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে যারা সংখ্যালঘু অধিকার নিয়ে বেশি হইচই করেন, তারা সাঁওতাল পল্লীতে কী হয়েছে তা দেখেননি। সাঁওতালরাও এ দেশের নাগরিক এবং আমাদেরই ভাই-বোন। জামায়াত সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চায় এবং সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো পরিস্থিতিতে মুসলমান নন এমন মানুষদের ভয়ের সংস্কৃতিতে থাকার কোনো কারণ নেই। এই ভয়ের সংস্কৃতি ভেঙে দেওয়া হবে। বাংলাদেশ সবার দেশ, সবাইকে নিয়েই চলতে হবে।

নারী নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মায়েদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো জালিম নারী জাতির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যারা এখন অস্থির আচরণ করছে, তাদের মাথা ঠান্ডা রেখে মানুষের ভাবনা শোনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নারীদের হুমকি দেওয়া বা গায়ে হাত তোলা বন্ধ না হলে জনগণ আবার প্রতিবাদে গর্জে উঠবে। মায়ের অপমান কেউ সহ্য করবে না।

জামায়াত আমির বলেন, নেতৃত্ব বংশগত অধিকার নয়। রিকশাচালক কিংবা দিনমজুরের সন্তানও মেধা বিকশিত করে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। এভাবেই জমিদারি রাজনীতি ভেঙে পড়বে।

ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি করে না এবং কাউকে করতেও দেবে না। ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা ব্যাংক-বীমা ও মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে এবং সেই টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এসব টাকা উদ্ধার করা হবে বলে তিনি ঘোষণা দেন।

উত্তরবঙ্গকে কৃষির রাজধানী উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নওগাঁ জেলায় ব্যাপক ধান ও ফল উৎপাদন হলেও কৃষকরা ন্যায্য মূল্য পায় না। জামায়াত ক্ষমতায় এলে সড়ক চার লেনে উন্নীত করা, সংরক্ষণাগার ও ফল প্রক্রিয়াজাত শিল্প স্থাপন এবং প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশ করা হবে।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলার বিভিন্ন আসনের জামায়াত প্রার্থীরা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ক্যাটাগরি