বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়া সীমান্তে আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী এলাকায় আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে প্রাণ বাঁচাতে গুলিবিদ্ধ অবস্থায় নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

শনিবার (৭ জুন) সকালে উখিয়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম মোহাম্মদ আইয়ুব (২৮)। তিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের আওতাধীন ছোটবিল সীমান্ত পোস্ট এলাকার নিকট গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত আইয়ুব জানান, শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে কোনোভাবে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমান্ত এলাকায় পৌঁছাতে সক্ষম হন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এবং ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

ক্যাটাগরি