১০০ কেজি গাঁজাসহ মেরিন ড্রাইভে ধরা পড়ল ২ মাদক কারবারি
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক শ্রাবণ।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ফরিদুল আলমের ছেলে মো. এনামুল হক (২৬) এবং টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা বহনকারী একটি মাইক্রোবাস কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফে প্রবেশ করবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ড্রিম হলিডে রিসোর্ট সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
একপর্যায়ে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দিলে সেটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।