সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় এরশাদুল হাবিব হত্যা মামলার ৪ জনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছেন আদালত

কক্সবাজারের কুতুবদিয়ায় চাঞ্চল্যকর এরশাদুল হাবিব হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন আজহারুল ইসলাম ছোটন, তৌহিদুল ইসলাম আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মো. সৈয়দ।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় একটি স্থানীয় স্কুলে ইফতার পার্টি শেষে বাড়ি ফেরার পথে এরশাদুল হাবিবের ওপর হামলা চালানো হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামি জাহেদুল ইসলাম ফরহাদ, আবু এরশাদ জুয়েল, রুস্তম আলী ও আবদুল্লাহ আল মামুন সোহেল হাবিবের পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং গুলিও চালায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একই বছরের ১৭ অক্টোবর কুতুবদিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দীর্ঘ প্রায় দুই দশক পর মামলার রায় ঘোষণা হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাজাপ্রাপ্ত চার আসামির মধ্যে জাহেদুল ইসলাম ফরহাদ আদালতে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন দণ্ডপ্রাপ্ত আসামি জামিনে থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। অপরদিকে খালাসপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা জানান, তাদের মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আইন অনুযায়ী রায় দিয়েছেন।

দীর্ঘদিনের এই হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে কুতুবদিয়ার একটি আলোচিত ঘটনার বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো বলে মনে করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি