শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “কোথাও দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করা যেতে পারে। প্রমাণ পাওয়া মাত্রই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা করলে সে শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিগত ফ্যাসিস্ট সরকার কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়নি। তারা কেবল দুর্নীতি করে অবকাঠামো নির্মাণ করেছে। শিক্ষার মানের দিকে তারা কোনো নজর দেননি।”
ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে শিক্ষামন্ত্রীরকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্ত্রী উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের ওপর কর্মকর্তাদের গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।