কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ৩ ঘর, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা
কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছিন্নিখাইয়ের পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন—নাজমা আক্তারের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন, নাছির উদ্দিন ও মো. জাহিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ একটি ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দলনেতা সালাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবস্থায় সতর্কতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।